গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীর স্বামীকে আটকে রেখে তাঁকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক ও নয়ন নামে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো তাঁদের পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক (৩২) সিলেট জেলার কোতোয়ালি থানার মাজারখানা এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুরের ধনুয়া দক্ষিণ পাড়া এলাকায় ভাড়া থাকেন। অপর অভিযুক্ত নয়নের বয়স ১৯ বছর। তাঁর বাড়ি শ্রীপুরের ধনুয়া গ্রামে।
ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
অভিযোগে বলা হয়, গত সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এ সময় নয়ন ওই নারীকে টেনেহিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ফারুকসহ বাইরে পাহারায় থাকা আরও দুই অজ্ঞাতপরিচয় যুবকও তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখাদ খবর | নিজস্ব প্রতিবেদনের জন্য সম্পাদিত