ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত আসমান হাওলাদার (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর ছেলে সুজন হাওলাদার (২৮) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার মৃত বসির উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওলাদার দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। প্রায় ২৫ দিন আগে দেশে ফিরে পাঁচ দিন পর তিনি নতুন করে বিয়ে করেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাঁর একাধিক বিয়ে এবং আগের স্ত্রী লাইজুর বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় গত শুক্রবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের আয়োজন করা হলেও সুজন সেখানে উপস্থিত হননি।
নিহতের আগের পুত্রবধূ লাইজুর বেগম অভিযোগ করেন, আগুন লাগার সময় তাঁর শ্বশুর ঘরের ভেতরে আটকা পড়ে চিৎকার করছিলেন। তিনি অন্য ঘর থেকে বেরিয়ে উদ্ধারের চেষ্টা করলেও ঘরের ভেতরে বৈদ্যুতিক তার থাকায় আগুনের মধ্যে প্রবেশ করতে পারেননি। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর অভিযোগ, এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর স্বামী সুজন হাওলাদার আগুন লাগিয়েছেন।
নিহতের ভাতিজা সোহেল জানান, গভীর রাতে মাইকে আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। এ সময় গ্রামবাসীও এগিয়ে আসে। বৈদ্যুতিক সংযোগের কারণে ঘর থেকে আসমান হাওলাদারকে বের করা সম্ভব হয়নি। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর সুজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। নিহতের ছেলে সুজন হাওলাদারকে স্থানীয়রা আটক করে রেখেছিলেন। পারিবারিক বিরোধের জেরে কিংবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।