নিজস্ব প্রতিবেদক: শৈশবে দত্তক হয়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানেই বেড়ে ওঠা, গড়ে উঠেছে জীবন ও পেশা। কিন্তু বিদেশের মাটিতে দীর্ঘদিন বসবাস করেও শিকড়ের টান ভুলতে পারেননি তাঁরা। জন্মদাতা বাবা-মাকে একবার দেখার আশায় বাংলাদেশে ছুটে এসেছেন দুই ডাচ নাগরিক রাজিব উদ্দিন ও সেলিনা। তাঁদের একজন খুঁজছেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়, অন্যজন কক্সবাজারে।
৪৯ বছর বয়সী রাজিব উদ্দিনের জন্ম বাংলাদেশে। ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে শিশু অবস্থায় তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। বর্তমানে তিনি দেশটিতে সমাজকর্মী হিসেবে কর্মরত। সচ্ছল জীবনযাপন করলেও জন্মদাতা বাবা-মায়ের পরিচয় জানার আকাঙ্ক্ষা তাঁকে বারবার টেনে এনেছে বাংলাদেশে।
গত ১০ বছরে ছয়বার বাংলাদেশে এসেছেন রাজিব। পাসপোর্টে দেওয়া ঠিকানা ধরে খুঁজছেন তাঁর জন্মদাতা বাবা-মাকে। সেখানে তাঁর ঠিকানা উল্লেখ রয়েছে পেয়ারাকান্দি, নবীগঞ্জ, কুমিল্লা।
রাজিবের মতো একই স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের নাগরিক সেলিনাও। শৈশবে দত্তক হিসেবে তাঁকেও পাঠানো হয়েছিল ইউরোপের দেশটিতে। বর্তমানে পেশায় গায়িকা সেলিনা জন্মদাতা বাবা-মায়ের সন্ধানে ইতোমধ্যে তিনবার বাংলাদেশে এসেছেন। পাসপোর্টে উল্লেখ করা ঠিকানা ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করছেন তিনি। তাঁর আশা, একদিন হয়তো খুঁজে পাবেন হারিয়ে যাওয়া শিকড়।
দুই ডাচ নাগরিকের এই সন্ধানযাত্রায় গাইড হিসেবে সহযোগিতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওমর। পাশাপাশি তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসনও।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, রাজিবের পাসপোর্টে উল্লেখ করা ঠিকানার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এলাকাটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত। বিষয়টি নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাসপোর্টে উল্লেখিত নবীগঞ্জ এলাকাটি তৎকালীন বৃহত্তর কুমিল্লার নবীনগর এলাকা। বর্তমানে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা। সেখানে পেয়ারাকান্দি নামে একটি গ্রাম রয়েছে। রাজিবের জন্মপরিচয় শনাক্তে ওই এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।
বিদেশের মাটিতে গড়ে উঠেছে তাঁদের জীবন। তবু জন্মভূমি আর জন্মদাতা বাবা-মায়ের সন্ধান তাঁদের কাছে এক অপূর্ণ আকাঙ্ক্ষা। দীর্ঘদিনের এই অপেক্ষার অবসান ঘটবে কি না, সেই আশাতেই বাংলাদেশের পথে পথে ঘুরছেন রাজিব ও সেলিনা।