প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির জানান, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ এখন নির্দিষ্ট খাতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বলেও জানান তিনি।
জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিনিয়োগে বাস্তবায়িত কয়েকটি বড় প্রকল্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছে। আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ববিষয়ক অনলাইন সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সম্মেলনে আঞ্চলিক দেশগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জাপান সরকারের আস্থা বাড়তে সহায়তা করেছে বলে মনে করেন হুমায়ুন কবির।
সৌদি আরব সফরেও সম্মতি প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি আরব সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের যুবরাজ তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই এ সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদগুলোর সুরক্ষায় কোনো উদ্যোগে সহযোগিতা চাওয়া হলে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
সেমিনারে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ।
এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।