সাভারের আশুলিয়ায় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ছকিনুর নামে এক পোশাক শ্রমিক। প্রায় পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার গাজীরচটের দরগারপার এলাকার ইউনুস মীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির অরক্ষিত সেপটিক ট্যাংকে এক শিশু পড়ে গেলে তাকে উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে নামেন পোশাক শ্রমিক ছকিনুর। শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজে ওপরে ওঠার আগেই ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে তিনি ভেতরে আটকা পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার অভিযানের সময় নিখোঁজ ব্যক্তির মাথা ও হাত দেখা গেলেও পরে তিনি আবার ট্যাংকের ভেতরে তলিয়ে যান। এ কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। তাকে উদ্ধার করা সম্ভব হলেও জীবিত উদ্ধারের বিষয়ে শঙ্কা রয়েছে। তবে শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।