বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় আলোচিত জর্দা শামীমের সহযোগী হিসেবে পরিচিত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে অভিযান চালায় এসআরবি-৮-এর একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রের পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম, মোবাইল ফোন ও আলামত সংরক্ষণের ব্যাগও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম, শাথিল আহমেদ বিশ্বাস ও রবিউল বেপারী।
অভিযান পরিচালনাকারী সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, আলোচিত জর্দা শামীম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন শাহী ৯৯ পার্কে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে সহযোগীদের মাধ্যমে এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হয়েছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি-৮।
গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থাটি।