উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় বাড়ছে শীতের তীব্রতা।
বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশা ও শীতের কারণে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। কাজের সন্ধানে সকালে বাইরে বের হতে তাঁদের বেশ কষ্ট হচ্ছে।
বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার ইজিবাইকচালক জালাল উদ্দিন বলেন, গত কয়েক দিন ধরে সকাল থেকেই ঘন কুয়াশা পড়ছে। সকালে ইজিবাইক নিয়ে বের হলে খুব কষ্ট হয়। ঠান্ডায় হাত-পা যেন জমে আসে। খোলা ইজিবাইক হওয়ায় সকালে তেমন আয়ও হয় না।
সদর উপজেলার দিনমজুর রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা পড়ছে। রাত যত গভীর হয়, কুয়াশার পরিমাণ তত বাড়তে থাকে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরে। সকালে ঠান্ডায় হাত-পা জমে আসে। ঠিকমতো কাজ করা যায় না।
তবে চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা থেকে কুয়াশা ও শিশির ঝরছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়তে পারে।