শিরোনাম

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক্স-রে মেশিন নষ্ট,  ভোগান্তিতে সৈয়দপুরসহ সাত উপজেলার রোগীরা

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক্স-রে মেশিন নষ্ট,  ভোগান্তিতে সৈয়দপুরসহ সাত উপজেলার রোগীরা

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে একমাত্র এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে।

 

 নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে একমাত্র এক্স-রে মেশিনটি প্রায় তিন মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে সরকারি হাসপাতালে এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সৈয়দপুরসহ আশপাশের সাত উপজেলার মানুষ। প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল এই হাসপাতালে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগীরা।

জানা যায়, সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ছাড়াও দিনাজপুরের পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা এবং নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন।

বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিতে দীর্ঘ তিন মাস ধরে এক্স-রে কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে থাকা একমাত্র এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় রোগীদের প্রায় এক কিলোমিটার দূরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এতে একদিকে যেমন বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে শারীরিক অসুস্থতা নিয়েই বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।

হাসপাতালে গিয়ে দেখা যায়, এক্স-রে করানোর জন্য অনেক রোগীকে কষ্ট করে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা আউয়াল বলেন, ‘বাথরুমে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছি। হাসপাতালে আসার পর চিকিৎসক পায়ের হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করাতে বলেছেন। কিন্তু এখানকার মেশিন নষ্ট। তাই কষ্ট করে বাইরে গিয়ে এক্স-রে করাতে হবে। এটা চরম ভোগান্তি।’

সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার মরিয়ম নেসা বলেন, ‘আমার হাত ভেঙে যাওয়ায় এই হাসপাতালে এসেছি। চিকিৎসক এক্স-রে করাতে দিয়েছেন। ১৫ দিন ধরে আসছি, কিন্তু মেশিন নষ্ট থাকায় এক্স-রে করাতে পারছি না। কর্তৃপক্ষ বলছে, দ্রুত মেশিন ঠিক হবে। কিন্তু এখনো হয়নি। বাইরে থেকে এক্স-রে করানোর সামর্থ্য আমার নেই। এ কারণে খুব কষ্টে দিন কাটছে।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, এক্স-রে মেশিনটি পুরোপুরি নষ্ট হয়নি। মূলত ভোল্টেজ স্টেবিলাইজার না থাকায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে সমস্যা হচ্ছে। পাশাপাশি মেশিনের টিউবেও ত্রুটি রয়েছে। এ কারণে গত দুই থেকে তিন মাস ধরে এক্স-রে সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা এসে মেশিনটি পরিদর্শনও করেছেন। সে অনুযায়ী নতুন মেশিন সরবরাহের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

করেন তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর