শিরোনাম

এনআইডি সেবায় হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা

এনআইডি সেবায় হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ চেয়ে সিইসি বলেছেন, এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।

অনুষ্ঠানে সিইসি সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। 

সিইসি বলেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন আছে। কোনো কাগজের ঘাটতি থাকলে একগাদা কাগজপত্রের তালিকা না দিয়ে কেবল প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানান।

এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, অন্তত হাফ ডজন আবেদন থাকে এনআইডি সংক্রান্ত যে, ‘আমি হয়রানির শিকার হচ্ছি, আমি আবেদন করেছি আজ থেকে ৬ মাস আগে বা ১০ মাস আগে বা এক বছর আগে, আমারটা কোনো নিষ্পত্তি হয় নাই’।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর