শিরোনাম

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে আগুন, পুড়ে ছাই ২৮ আসনের বাস, আতঙ্কে শিক্ষার্থী ও এলাকাবাসী

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে আগুন, পুড়ে ছাই ২৮ আসনের বাস, আতঙ্কে শিক্ষার্থী ও এলাকাবাসী

 রংপুরে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড়ে কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই কাটিয়েছেন দীর্ঘ সময়। অথচ প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য কষ্ট করে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে নির্ধারিত স্থানে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রংপুর মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর