শিরোনাম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট ও বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিক ও মো. শাহরিয়ার। এর আগে মো. মামুন, আসলাম ও মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ আলম অনিক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, শাহ আলম অনিক একসময় ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম মহাসচিব হিসেবে পরিচয় দিতেন। ৫ আগস্টের পর তিনি ‘কিলার ইব্রাহিমের’ দলে যোগ দিয়ে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে রোববার দুপুরের পর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করে ডিবি। নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় তিনি এক নম্বর আসামি। এছাড়া ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের অভিযোগ, দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলা ও ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন তিনি। এ সময় হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে স্টুডিওটি তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। হামলার সময় স্টুডিওটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় করা মামলায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর