জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারী ডিসি মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত জনগণের রাজনৈতিক আন্দোলন বন্ধ করা সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের উদ্যোগ নিচ্ছে। তাঁর ভাষ্য, নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেই দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ড নতুন করে কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে তাঁদের দল মনে করে।
সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।