শিরোনাম

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, আজ মন্ত্রিসভায় উঠতে পারে প্রস্তাব

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, আজ মন্ত্রিসভায় উঠতে পারে প্রস্তাব
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হতে পারে। এ বিষয়ে অনুমোদন মিললে সচিবালয় স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু করার পথ খুলবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সম্প্রতি এ উদ্যোগ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। এরই অংশ হিসেবে সচিবালয় আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মন্ত্রী জানান, বর্তমান সচিবালয়ে পার্কিংয়ের জায়গা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দেয়। পাশাপাশি সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলোর বয়স ও অবকাঠামোগত অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।

ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে সচিবালয়ের জন্য নতুন স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার আলোকে প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তবে সচিবালয় স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকের পরই জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর