শিরোনাম

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের অতীত কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা সফল হতে দেবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এ দেশের মাটিতে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে—সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে, তর্ক-বিতর্ক হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আবারও গড়ে তোলা হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী বার্ষিক এ আয়োজনে কয়েক হাজার ওলামা অংশ নেন। শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন মাদরাসা প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর