শিরোনাম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এক পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হওয়া উচিত। কিন্তু পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দাফনে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা এ ঘটনায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততার অভিযোগও করেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি মো. ইউনুস শেখসহ অন্যরা।

কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর