সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের কপি পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে কারাবন্দি বাংলাদেশিদের তালিকা পাঠায়। এসব তথ্যও যাচাই করে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “এটি ২০২৩ সালের ঘটনা। আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।”
এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাঁর ভাষায়, এমন ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাকে তিনি সময়ক্ষেপণ বলে মন্তব্য করেন।