খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এসআরবি-৬, সিপিসি-১ (সাতক্ষীরা) ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আটক করা হয়।
পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ১৬ ধারা অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৬, সিপিসি-১ (সাতক্ষীরা)-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।