গাজীপুরের কালীগঞ্জের জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে ঢাকার বনানী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল আবেদীন ওরফে মিন্টু কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল বনানী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মিন্টু এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের একজন শীর্ষ নেতার নিকটাত্মীয় পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।