পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সমিতির সভাকক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আমিনুর ইসলাম নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে তাদের ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আমিনুর ইসলাম।
সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, পঞ্চগড়ের বাসগুলো অন্য জেলায় চলাচলের ক্ষেত্রে নানা ধরনের বাধার মুখে পড়ছে, অথচ অন্যান্য জেলার বাস পঞ্চগড়ে নির্বিঘ্নে চলাচল করছে। এ সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি সমিতিকে আরও শক্তিশালী ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নবগঠিত কমিটির অধিকাংশ সদস্যই অভিজ্ঞ। কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে সদস্যদের সরাসরি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সমিতির সদস্য এবং পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৭ জন ভোটারের মধ্যে ৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে মোহাম্মদ মতিয়ার রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর পান ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোটরগাড়ি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিবুল ইসলাম বাবলু বাইসাইকেল প্রতীকে পান ৪০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক পদে মো. মুন্না, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন এবং কার্যকরী সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মো. আমিনুর ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে মওদুদ খান দায়িত্ব পালন করেন। সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন জমিরুল ইসলাম, হারুন অর রশীদ, মনোয়ার হোসেন, আহামদুল হোসেন ও আশরাফুল ইসলাম আলম।