শিরোনাম

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের জন্য পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহে এ ইউনিট গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইউনিটটির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি থাকবেন এবং মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এর শাখা রাখার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির পদ না থাকলে নতুন পদ সৃষ্টি করা হবে। পাশাপাশি থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক সরঞ্জাম এবং সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সহায়তা রাখার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধের যেসব ঘটনা স্থানীয় বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সংশ্লিষ্ট পর্যায়েই মোকাবিলা করা হবে। জটিল ও বিশেষায়িত বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে নেওয়া হবে।

তিনি বলেন, সাইবার স্পেসকে ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। এ কারণে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ যদি ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ’ রাখা বা এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে জড়িত হন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাইবার সিকিউরিটি ইউনিটের কাঠামো ও প্রয়োজনীয় সক্ষমতা তৈরির লক্ষ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশনা আগেই দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর