সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় পুলিশের বিশেষায়িত ইউনিটের কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। এসব শাখা সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হবে। তবে সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয় থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।
তিনি বলেন, আগে এটিইউ সদর দপ্তরের কর্মকর্তাদের সারাদেশে উগ্রবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় কাজ করার এখতিয়ার ছিল। এখন একটি অভিন্ন ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় এসআরইউকে নিয়ে আসা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ জানান, ঢাকায় সিটিটিসি এখন ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে। দেশের অন্যান্য মেট্রোপলিটন ও প্রয়োজনীয় এলাকাতেও পর্যায়ক্রমে এসআরইউর ইউনিট গঠন করা হবে।
তিনি আরও বলেন, সিটিটিসি আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না; এটি ডিএমপির অধীনেই কার্যক্রম পরিচালনা করত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে এটিইউ সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০১৯ সালের বিধিমালায় ইউনিটটিকে তদন্তের ক্ষমতাসহ গ্রেপ্তার, আটক, তল্লাশি ও জব্দের মতো আইনগত ক্ষমতা দেওয়া হয়।