নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে আফছানা খাতুন (১৮) নামে এক তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের ইসলামবাগ এলাকার শেরু হোটেলের কাছে এ ঘটনা ঘটে। আফছানা শহরের উত্তরা আবাসন এলাকার মো. নাদিমের মেয়ে।
আফছানার ভাষ্য, ট্রেনের টিকিট কাটতে তিনি সৈয়দপুর রেলস্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোবাইল ফোনে কথা বলার সময় চার যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলে তাঁর ধারণা। পরে বাসায় ফেরার জন্য শেরু হোটেল এলাকার কাছে একটি ইজিবাইকে ওঠেন। ওই ইজিবাইকে অন্য কোনো যাত্রী ছিলেন না।
তিনি জানান, এ সময় এক যুবক তাঁর হাত থেকে টান দিয়ে রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তাই বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।