শিরোনাম

ভোরে মাঠে ফুটবল-ব্যাডমিন্টনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড়ে ক্রীড়াঙ্গন চাঙা করার উদ্যোগ

ভোরে মাঠে ফুটবল-ব্যাডমিন্টনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড়ে ক্রীড়াঙ্গন চাঙা করার উদ্যোগ

পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ভোরে মাঠে নেমেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। স্থানীয় তরুণদের সঙ্গে ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকেরা।

সম্প্রতি পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোরবেলা ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশ নেন প্রতিমন্ত্রী। সরকারি দায়িত্বের ব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় সময় পেলেই মাঠে গিয়ে তরুণদের সঙ্গে খেলাধুলায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদের এ উদ্যোগকে জেলার ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় খেলোয়াড় ও সংগঠকেরা। তাঁদের মতে, জনপ্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণ তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে ভূমিকা রাখতে পারে।

নব্বইয়ের দশকে বোদা ক্রীড়া সংস্থার একাধিকবারের সেরা খেলোয়াড় হাসানুজ্জামান লাতু বলেন, পঞ্চগড় একসময় খেলাধুলায় সুনাম অর্জন করেছিল। এ অঞ্চলের অনেক খেলোয়াড় ঢাকার লিগ ও দ্বিতীয় বিভাগে সাফল্যের সঙ্গে খেলেছেন। তবে পরবর্তী সময়ে জেলার ক্রীড়াঙ্গন পিছিয়ে পড়ে।

তিনি বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিমন্ত্রীর ভোরে মাঠে উপস্থিত হওয়া, খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি নতুন ও সাবেক খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে।

বোদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে দূরে রাখা এবং শারীরিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ব্যস্ততার মধ্যেও প্রতিমন্ত্রীর মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের অনুশীলনে অংশ নেওয়া তরুণদের উৎসাহিত করছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি এবং ভালো মানের খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হতে পারে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, মাঠে নিয়মিত খেলাধুলার চর্চার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হলে পঞ্চগড়ের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর