শিরোনাম

কালীগঞ্জে এমপির একাধিক স্কুলের নতুন ভবন উদ্বোধন, বেলাই বিলে পোনা অবমুক্ত

কালীগঞ্জে এমপির একাধিক স্কুলের নতুন ভবন উদ্বোধন, বেলাই বিলে পোনা অবমুক্ত

শিক্ষা অবকাঠামোর উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে গাজীপুরের কালীগঞ্জে একদিনে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। পরে তিনি কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বেলাই বিলে পোনা মাছ অবমুক্ত করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে সংসদ সদস্য ফজলুল হক মিলন কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে মানুষের মৌলিক চাহিদা—স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান—নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্যসচিব ইব্রাহিম প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর