শিরোনাম

পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে ৩ ভারতীয় নাগরিক

পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে ৩ ভারতীয় নাগরিক

পঞ্চগড়ের দেবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন ভারতের তিন নাগরিক। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ব্যাটারিচালিত ভ্যানে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তিনটি পাসপোর্টসহ একটি ছোট লাল ব্যাগ হারিয়ে যায়।
হারানো পাসপোর্টের মালিকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির জলপাই মোড় এলাকার বাসিন্দা কাঞ্চন চন্দ্র দাস, তাঁর স্ত্রী শরদীনি রানী দাস ও নাতনি মায়া রানী দাস।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। প্রথমে দেবীগঞ্জ উপজেলার শিবেরহাট এলাকায় নাতনি জামাই বিশ্বাস দাসের বাড়িতে এবং পরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে কাঞ্চন চন্দ্র দাসের ভাইয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে দেবীগঞ্জে পৌঁছাতে রাত প্রায় ১২টা বাজে। এরপর দেবীগঞ্জ পৌরসভার ব্রিজপাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দিকে রওনা হন তারা।
ভ্যানে ওঠার সময় তিনজনের পাসপোর্ট একটি ছোট লাল ব্যাগে রেখে কাঞ্চন চন্দ্র দাস সেটি তাঁর নাতনি মায়া রানী দাসের কাছে দেন। পরে মায়া ব্যাগটি তাঁর দাদি শরদীনি রানী দাসের হাতে দেন। কালীগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে কোনো একসময় অসাবধানতাবশত ব্যাগটি রাস্তায় পড়ে যায়।
কালীগঞ্জ বাজারে পৌঁছে একটি চায়ের দোকানে যাওয়ার পর তারা বুঝতে পারেন, পাসপোর্টসহ লাল ব্যাগটি তাদের সঙ্গে নেই। পরে ভ্যান চলাচলের পথসহ আশপাশের এলাকায় রাতেই খোঁজাখুঁজি করেন তারা। তবে ব্যাগটির সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে তারা ফের বিভিন্ন স্থানে পাসপোর্টসহ ব্যাগটির সন্ধান করেন। স্থানীয়ভাবে মাইকিংও করা হয়। এরপরও পাসপোর্ট উদ্ধার না হওয়ায় দুপুরে দেবীগঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
কাঞ্চন চন্দ্র দাস বলেন, তিনি এর আগে পাঁচ-সাতবার বাংলাদেশে এসেছেন। সম্প্রতি তাঁর ভাইপো মারা গেলেও তখন বাংলাদেশে আসতে পারেননি। ভাইয়ের সঙ্গে দেখা করতেই এবার বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে রাত ১২টার দিকে দেবীগঞ্জে পৌঁছান। ভ্যানে করে শিবেরহাটে নাতনি জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে তাঁর সঙ্গে থাকা নাতনির হাতে থাকা ছোট লাল ব্যাগটি হারিয়ে যায়। ওই ব্যাগেই তিনজনের পাসপোর্ট ছিল।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, ভারতীয় নাগরিকদের হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধারে পুলিশ কাজ করছে। তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর