সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় হৃদয় সরদার (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে সে হতাশায় ছিল।
স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া যায়। এতে পরীক্ষার ফল নিয়ে হতাশা এবং মা-বাবার কাছে ক্ষমা চাওয়ার কথা লেখা ছিল বলে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু পুলিশি তদন্তে যাচাই করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।