শিরোনাম

আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

আওয়ামী লীগ ভারতের দিল্লিতে অবস্থান করে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে।”

১৯৯৬ ও ১৯৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ওই সময় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। সে সময় বিএনপি ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ এসব রাজনৈতিক চক্রান্ত মোকাবিলা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকারও সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর