নীলফামারীর সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার হয়েছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে তোলা হয়েছে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি। পাশাপাশি নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে সচেতনতামূলক সভা-সমাবেশ। এসব উদ্যোগে মাদকের বিস্তার রোধের পাশাপাশি মাদকসেবীদের একটি অংশও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
এরই মধ্যে মাদক ছেড়ে স্বেচ্ছায় ভালো পথে ফেরার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়ার নবাব আলীর ছেলে শুকুর আলী। দীর্ঘদিন মাদক সেবনের কারণে পরিবার ও স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর একপর্যায়ে তিনি মাদকের ভয়াবহতা উপলব্ধি করেন। ভুল পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে নিজেই সৈয়দপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আইনানুগ সাজা দেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে।
শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে তার পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে সমাজে মানুষের কাছে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এসব উপলব্ধি থেকেই তিনি মাদক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাজা ভোগ শেষে আর কখনো মাদকের পথে না গিয়ে ভালোভাবে জীবনযাপন করার অঙ্গীকার করেছেন তিনি।
শুকুর আলীর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের প্রত্যাশা, তার মতো অন্য মাদকসেবী ও মাদক কারবারিরাও নিজেদের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা