শিরোনাম

পদার্থবিজ্ঞান পড়ে প্রেসক্রিপশন লেখার অভিযোগ, ওষুধ খেয়ে অন্তঃসত্ত্বার সন্তান মৃত্যুর দাবি

পদার্থবিজ্ঞান পড়ে প্রেসক্রিপশন লেখার অভিযোগ, ওষুধ খেয়ে অন্তঃসত্ত্বার সন্তান মৃত্যুর দাবি

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে রোকসানা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। তিনি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন বলে জানা গেছে। তাঁর দেওয়া ওষুধ সেবনের পর সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ করেছে ওই নারীর পরিবার।

সম্প্রতি জগদল বাজারের ‘মাতৃসেবা ফার্মেসি’তে গিয়ে রোকসানা আক্তারের সঙ্গে কথা হলে তিনি নিজেই রোগীদের প্রেসক্রিপশন লেখার বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, রোগীদের ওষুধ লেখার অনুমতি রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট জগদল বাজারের ওই ফার্মেসিতে চিকিৎসা নিতে যান একই এলাকার মিজানুর রহমানের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার। এ সময় রোকসানা আক্তার তাঁকে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখে দেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, ওষুধ সেবনের পর শারমিনের শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে তাঁর গর্ভের সন্তান মারা যায়।

শারমিনের স্বামী মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসক না হয়েও রোকসানা তাঁকে বিভিন্ন ওষুধ দিয়েছেন। তাঁর দেওয়া ওষুধের কারণেই গর্ভের সন্তান মারা গেছে বলে তিনি মনে করেন।

তবে ওষুধ সেবনের সঙ্গে গর্ভের সন্তান মৃত্যুর সরাসরি কারণ-সম্পর্ক চিকিৎসাগতভাবে নিশ্চিত হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ সরবরাহের বিষয়টি নিয়মিত তদারকি করা প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী রোগীদের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন, সাত মাসের অন্তঃসত্ত্বা একজন নারীকে চিকিৎসক না হয়েও এভাবে প্রেসক্রিপশন করে ওষুধ দেওয়া ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, চিকিৎসক না হলে এ ধরনের ওষুধ লেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর