শিরোনাম

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৫ বছর পর দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিক

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৫ বছর পর দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশে অবস্থানের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (২২ নভেম্বর) তাঁকে নেপালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রোববার সকাল ১১টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার থেকে প্রায় ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বিজিবি-বিএসএফ, ফুলবাড়ী ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যাবাসন করা খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ ২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।

এ সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, বিএসএফের ফুলবাড়ী বিওপির সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে এ সময় তাঁর পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। নেপাল দূতাবাসের ওই কর্মকর্তা তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন। পাঁচ বছর আগে তিনি কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা বলতে পারেননি। তবে পাঁচ বছর ধরে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাঁকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও বাংলাদেশে অবস্থানের তথ্য প্রচার করা হলে পরিচয় শনাক্ত হয়।

তিনি আরও জানান, এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে রোববার তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই নেপালি নাগরিককে রোববার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিজিবি সদস্যরা সহযোগিতা করেছেন। বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দূতাবাসের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করে ট্রাভেল পাস দেওয়ার পর তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর