শিরোনাম

বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মসিউদ্দিন মোড়ল

বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মসিউদ্দিন মোড়ল

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন প্রবীণ রাজনীতিক মসিউদ্দিন মোড়ল (৫৮)। গাবখালি বাজারের স্থায়ী বাসিন্দা মসিউদ্দিন মোড়ল দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি জনপ্রতিনিধি ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্র ও তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কৈশোরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি বাহিরদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমানে বাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসিউদ্দিন মোড়লের দাবি, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় তিনি মাঠে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কারণে একাধিকবার জেল-জুলুম ও মামলার মুখোমুখি হয়েছেন।

জনপ্রতিনিধি হিসেবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে বলে জানান তিনি। স্থানীয়দের ভোটে দুইবার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গাবখালি মাধ্যমিক বিদ্যালয় ও সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব দুইবার করে পালন করেছেন বলে জানান তিনি।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে গাবখালী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন মসিউদ্দিন মোড়ল। বর্তমানে গাবখালী মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী মসিউদ্দিন মোড়ল। তাঁর ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি প্রত্যাশা করছেন।

মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, ঘুষ ও স্বজনপ্রীতিমুক্ত এবং জবাবদিহিমূলক সেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট কাজ এগিয়ে নেওয়া, গ্রামীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনা।

মসিউদ্দিন মোড়ল বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চাই। বাহিরদিয়া ইউনিয়ন পরিষদকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, কৃষক, তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নিতে চান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর