শিরোনাম

সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই; সংঘাত এড়িয়ে সমাধানের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই; সংঘাত এড়িয়ে সমাধানের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই। এখনও সময় আছে সংঘাত এড়িয়ে সংসদে এর সমাধান করুন।" তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় অতীতে কর্তৃত্ববাদী শাসনের জন্ম হয়েছে। তাই ভবিষ্যতে যেন কোনো সরকারপ্রধান স্বৈরাচারী হয়ে উঠতে না পারেন, সে লক্ষ্যেই সংবিধানের কাঠামোগত সংস্কার প্রয়োজন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারীর আল হেলাল একাডেমির হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার গঠনের পর তাদের মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে আসায় দেশ রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে। তার ভাষ্য, সরকার চাইলে সংসদে আলোচনা ও বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সংকটের সমাধান করতে পারে।

তিনি আরও বলেন, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। তার দাবি, সংবিধানে শুধু শব্দ বা বাক্য পরিবর্তন নয়, বরং এর দর্শন ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিএনপি পূর্বের অবস্থান থেকে সরে এসে এখন সংবিধান "সংস্কার" নয়, "সংশোধন"-এর কথা বলছে, যা জনগণকে বিভ্রান্ত করছে।

প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত রাখতে সংবিধানে মৌলিক পরিবর্তন আনা জরুরি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ নানা অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জের মুখোমুখি। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নিলে বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি বা বিদেশি শক্তি যাতে এতে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার সকালে একই স্থানে জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর