রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সামরিক অভিযান থামানোর আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই সোভিয়েত ইউনিয়নের পতনের পর সামরিক খাতে সর্বোচ্চ বাজেট অনুমোদন করেছে মস্কো। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।
রাশিয়ার পার্লামেন্টে অনুমোদিত এ বাজেটকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আগের তিন বছরের বাজেটের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এ ব্যয়ের পরিমাণ প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষে তা ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে এবং ২০২৯ সালের শেষে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে।
সামরিক ব্যয়ের বাড়তি চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার।
অন্যদিকে, কয়েকটি বেসামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন ও ইউটিলিটি খাতে বরাদ্দ ৮ শতাংশ, স্বাস্থ্যসেবা খাতে ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক সহায়তা খাতে ৬ শতাংশ কমানো হবে।
ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের ওপর করের চাপ বাড়াচ্ছে রাশিয়া। এতে দেশটির অর্থনীতি সামরিক ব্যয়নির্ভর হয়ে পড়ছে এবং বেসামরিক খাতে ব্যয় সংকুচিত হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে সামরিক খাতে বিপুল ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাস ছাড়িয়ে গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং ইউক্রেনের হামলায় তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে।
রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানানোর কথা জানিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করতে তিনি পুতিনকে অনুরোধ করেছেন। এর উদ্দেশ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত শান্তিচুক্তির পথ তৈরি করা।
তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি আশাবাদী এবং দ্রুত সমঝোতা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন।
তবে ট্রাম্পের বক্তব্যে ইউরোপের কোন কোন ভূখণ্ডের কথা বলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের বিষয়টিও তিনি সরাসরি উল্লেখ করেননি।