ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডুংরাপাড়া এলাকার ১ দশমিক ২১ কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে লিখিত আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, ডুংরাপাড়া এলাকার এ সড়কের পাশে রয়েছে তিনটি মসজিদ, দুটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা, দুটি বাজার, দুটি ভোটকেন্দ্র ও দুটি গ্রাম। এসব এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন সড়কটি ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে কাঁচা সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের উপজেলা সদরে নেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যায় পড়ছেন কৃষকরা।
স্থানীয় বাসিন্দা তাসলিমা খানম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। কেউ অসুস্থ হলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা থাকে না। রাস্তার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে।”
রাজ্জাক মাস্টার বলেন, “এটি অনেক পুরোনো রাস্তা। আমাদের এলাকা কৃষিনির্ভর। রাস্তার বেহাল অবস্থার কারণে সময়মতো কৃষিপণ্য বাজারে নেওয়া যায় না। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি।”
আরেক বাসিন্দা এরশাদ মিয়া বলেন, “রাস্তার জন্য আর কতদিন আমাদের ভোগান্তি পোহাতে হবে? জনপ্রতিনিধিদের কাছে আমাদের দাবি, দ্রুত রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করা হোক।”
ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন রিপন বলেন, “রাস্তাটির অনুমোদন হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।”
এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত পাকাকরণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও ভোটকেন্দ্রে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনেও সুবিধা পাবেন স্থানীয় কৃষকরা।