বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিবুদ্দিন শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে ফকিরহাট সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করেছেন আলিবুদ্দিন শেখ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলিবুদ্দিন শেখ দাবি করেন, লখপুর ইউনিয়নের ছোট খাজুরা পল্লীর ২০টি ঘরের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে খালি ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে তদন্ত করে ঘর দুটি খালি থাকার বিষয়টি নিশ্চিত করেন বলে দাবি করেন তিনি।
আলিবুদ্দিন শেখ বলেন, পরে খালি ঘর দুটির বরাদ্দ চেয়ে খাজুরা গ্রামের মো. নাজমুল হাসান ও মোশা মোল্লা ইউএনও কার্যালয়ে লিখিত আবেদন করেন। আবেদন দুটি এসিল্যান্ড কার্যালয়ে নথিভুক্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদনের পর নাজমুল হাসান তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে ৬ নম্বর ঘরে ওঠেন। পরে কয়েকজন তাঁকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেন এবং তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। নাজমুল এ ঘটনার প্রতিবাদ করলে তাঁকে কেন্দ্র করে একটি পক্ষ পূর্বের এক বাসিন্দাকে ভয়ভীতি দেখিয়ে আলিবুদ্দিন শেখের বিরুদ্ধে অভিযোগ করায় বলে দাবি করেন তিনি।
আলিবুদ্দিন শেখ আরও বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হলে পরে ভূমি অফিসের মাধ্যমে ঘর দুটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আলিবুদ্দিন শেখ অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তিনি ইউনিয়নবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিএনপির হাইকমান্ডের কাছে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে যেকোনো শাস্তি মেনে নেবেন। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে যারা এ ধরনের প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।