নীলফামারীর সৈয়দপুর প্লাজায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে শহরের ব্যস্ততম শেরে বাংলা সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্লাজার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই প্রতিষ্ঠানকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ব্যবসায়ীরা জানান, গত ১৫ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর প্লাজার নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইল ফোনের শোরুমে তালা কেটে চুরির ঘটনা ঘটে। তাদের দাবি, দুটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ রুপার গহনা, শতাধিক মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার পর থেকেই প্লাজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকা অবস্থায় দিনের বেলায় দুটি প্রতিষ্ঠানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তা জোরদার ও ক্ষতিপূরণের দাবিতে তারা রোববার সড়কে অবস্থান নেন।
প্রায় তিন ঘণ্টা অবরোধের ফলে শেরে বাংলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।