শিরোনাম

ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু চূড়ান্তভাবে অপসারিত

ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু চূড়ান্তভাবে অপসারিত

সরকারি খাসজমি অবৈধভাবে দখল, সেখানে স্থাপনা নির্মাণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেট বাবুকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে। ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি খাসজমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁর দাখিল করা জবাব সরকারের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটনের পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী জনস্বার্থে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে।

একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১) ও ৩৫(২) ধারা অনুযায়ী কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেট বাবুর বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগে ‘ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাসজমি’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। পরে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হলে তদন্ত প্রতিবেদনে অনিয়মের সত্যতা পাওয়া যায় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর