রংপুর ব্যুরো: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যাচার এবং বাস্তবতাবিবর্জিত।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় দপ্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় বিএনপি কোনো হস্তক্ষেপ করছে না বলেও জানান তিনি।
এর আগে মির্জা ফখরুল রংপুরে পল্লী মেলার উদ্বোধন, বিআরডিবির বিভাগীয় দপ্তর উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন। তিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।