শিরোনাম

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সালমানের নিরাপত্তা জোরদার

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সালমানের নিরাপত্তা জোরদার
ফাইল ছবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিনেতা সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ। বান্দ্রায় তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকায় চলাচলকারী গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র সাত সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন বাহিনী স্থানীয় পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের একজন মহারাষ্ট্রের এবং অন্য দুজন হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, হামলাটি পূর্বপরিকল্পিত হতে পারে। গুলি চালানোর আগে টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস বার্তা ও পোস্ট ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ভয়েস বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর পক্ষ থেকে টাইগার শ্রফকে হুমকি দেওয়া হয়েছিল। সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া পোস্টে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটিতে লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দেওয়া অনিল পণ্ডিত ও হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, এর আগেও টাইগারকে সতর্ক করা হয়েছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটির সত্যতা কিংবা হামলার সঙ্গে উল্লিখিত ব্যক্তিদের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সালমান খানের নিরাপত্তা নিয়ে পুলিশের বাড়তি সতর্কতার পেছনে ২০২৪ সালের ১৪ এপ্রিল তাঁর বাসভবনের সামনে গুলির ঘটনাও রয়েছে। সেদিন ভোরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তাঁর নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি এবং দায় স্বীকারের দাবির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার পেছনের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর