শিরোনাম

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা
বাসস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন নিয়ে কাজ এগিয়ে নেওয়ার পর অন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, “এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত, এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।”

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।”

তিনি আরও বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

তফসিলের আগে সংলাপের চিন্তা

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কেও বিস্তারিত জানাননি তিনি। তাঁর ভাষ্য, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে কাজ করা হবে। কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

সেনা মোতায়েনের বিষয়ে ইসির এখতিয়ার

নির্বাচনি আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।”

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত, নির্বাচনের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর