শিরোনাম

রেজোল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক

রেজোল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক

পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। বুধবার এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ও তারল্যঘাটতি এবং সুশাসনের সংকটের কারণে ব্যাংকটি আর্থিক দুর্বলতায় পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান ও বিভিন্ন সহায়তা সত্ত্বেও ব্যাংকটির আর্থিক অবস্থার টেকসই উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে আমানতকারীদের অর্থের নিরাপত্তা ও ব্যাংকটির ভবিষ্যৎ কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে আপাতত প্রশাসক নিয়োগ না দিয়ে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

২০১২ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি শুরু থেকেই নানা অনিয়ম ও আর্থিক সংকটের অভিযোগে আলোচিত ছিল। পরে ২০১৭ সালে ব্যাংকটির উদ্যোক্তাদের নেতৃত্বে পরিবর্তন আসে এবং নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়। সংকট মোকাবিলায় সরকারি চার ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দিলেও ব্যাংকটির আর্থিক দুরবস্থা কাটেনি।

পরবর্তী সময়ে চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০২৪ সালের শুরুতে তিনি পদ ছাড়লেও ব্যাংকটির সংকট অব্যাহত থাকে। বিপুল খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতার কারণে গত বছর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর