মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অর্থ দাবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় পৌর এলাকার দক্ষিণ রাজনগরের বাসিন্দা লিজা আক্তার।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে লিজা ও তাঁর পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিজা আক্তার অভিযোগ করেন, ‘তানিসা আক্তার’ নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে রুবি আক্তারের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্যও করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
লিজার অভিযোগ, আহসান হাবিব নামের এক পুলিশ সদস্যের সঙ্গে রুবি আক্তারের ব্যক্তিগত সম্পর্ক ছিল। একপর্যায়ে তাঁরা যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং পরে আবার ফিরে আসেন। এ সময় ওই পুলিশ সদস্যকে তাঁর ভাই পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয় বলে দাবি করেন লিজা। তবে আহসান হাবিব তাঁর ভাই নন বলে তিনি জানান।
এ ছাড়া সজিব হাসান ও রনি নামের আরও দুই ব্যক্তির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁর নামে নোয়াখালী জেলায় একটি ভুয়া মামলাও করা হয়েছে।
লিজা আরও অভিযোগ করেন, বর্তমানে রুবি আক্তার তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিজা বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিজার বাবা বেলাল হোসেন ও মা ঝর্না বেগম উপস্থিত ছিলেন।