শিরোনাম

ক্যানসার চিকিৎসায় শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার

ক্যানসার চিকিৎসায় শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার
বাসস

স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ক্যানসার চিকিৎসা খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা এবং এসব সরঞ্জাম আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে রোগীরা দেশেই আধুনিক ক্যানসার চিকিৎসার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে তাঁদের আগামী তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, গত ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। বর্তমান সময়ে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের চাকরি হারাতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অন্যরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর