শিরোনাম

বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন রেকর্ডভুক্ত সরকারি খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রামপাল বাসস্ট্যান্ডে রামপাল উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্ন্যাসী-বড় ভাইজোড়া খাল, ছোট ভাইজোড়া খাল এবং ভোজপাতিয়া ইউনিয়নের ডাকুয়ার খালসহ উপজেলার বিভিন্ন রেকর্ডীয় সরকারি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধ দখলে রয়েছে।

তাদের দাবি, খালগুলো দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জীবিকাও হুমকির মুখে পড়েছে।

বক্তারা অবিলম্বে সব রেকর্ডভুক্ত সরকারি খাল দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে রামপাল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, মৎস্যজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর