শিরোনাম

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিয়াম হোসেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে। আরেকজন শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত দুজন হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির আরোহী বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর