শিরোনাম

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ জানায়, বাড়িটির বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় দোতলার ছাদে। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ ছিল ছাদে ওঠার সিঁড়িতে। আর ছেলে প্রীয়মের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে। বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। গত বৃহস্পতিবারের পর পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে সর্বশেষ তাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল। শনিবার পরিবারের সদস্যদের ফোনে যোগাযোগ করতে না পেরে রাতে স্বামীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তদন্তের পর তা জানা যাবে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও তদন্তকারী সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুল থেকে অবসর নেন। অবসরের পর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসাসেবা দিতেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি পড়াশোনা শেষ করেন। ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একই পরিবারের চার সদস্যের এমন মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ থাকার কারণ, পরিবারের সদস্যদের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে ডাকাতির কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর