চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের আরও দুই সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোটরসাইকেল চুরির ঘটনায় তদন্ত শুরু করে সদর মডেল থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের পর একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের আরও কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তারদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম উপস্থিত ছিলেন।