শিরোনাম
৩০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযান

সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযান

সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ৬৬ হাজার টাকা মূল্যের প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস জব্দ করা হয় এবং এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধার করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার। এ বনাঞ্চলের বন্যপ্রাণী রক্ষা এবং শিকার ও পাচারকারীদের দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী ধ্বংস ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর