চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে এবং আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলামের অংশগ্রহণে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি কালো শপিংব্যাগের ভেতর থেকে পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।
অভিযানে এসআই মহসিন উদ্দীন রুবেল, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সাইফুল ইসলাম, হিরু মিয়া, মো. আব্দুল আল মামুন, আব্দুল হাই বাবলু ও মো. কামাল হোসেন অংশ নেন।
পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Do you like this personality?