শিরোনাম

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল কেনাবেচার ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৃত্যুঞ্জয় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বেল পাড়তে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। বেলা ১১টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

এ সময় বাগানের পাশে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী জানান, তাঁরা দুজন সকালে ওই বাগানে বেল পাড়তে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে বেল পাড়ছিলেন। কিছুক্ষণ পর মৃত্যুঞ্জয় পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে ঘটনাস্থলে যান। সেখানে মৃত্যুঞ্জয়কে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর